- যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
- প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
- হৃদয় নামে এক ইজিবাইকচালক জানান, রাতে তিনি সিভিল কোর্ট মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরপর দুবার বিকট শব্দ শুনতে পান। পরে তিনি জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আদালতের প্রাচীরে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন।
- এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্যসচিব আনসারুল হক রানা।
- এম তমাল আহমেদ বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের বিভিন্ন স্থাপনায়ও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটানো হচ্ছে।
- যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, সন্ধ্যার পর প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।







