- কুমিল্লার হোমনায় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর শাখায় নেওয়া হয়েছে।
- বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
- স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মো. জামাল প্রধান সংসদ সদস্য সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে তাঁরা সংবর্ধনাস্থলে যান।
- প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সহসভাপতি ও একই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী এমদাদ হোসেন আখন্দ তাঁর সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি এবং কাঠের রোল দিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
- এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সেলিম ভূইয়া মঞ্চ ছেড়ে পাশের একটি বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেন। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।
- সংঘর্ষের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তিতাসসহ আশপাশের উপজেলায় আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় পর্যায়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, জিয়ারকান্দি ইউনিয়নে এমদাদ হোসেন আখন্দকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে জামাল প্রধানকে দলীয় প্রার্থী করা হয়েছে। এ কারণে এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল। তবে মনোনয়ন বাণিজ্য বা অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের আরও দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিপুল অর্থ ব্যয়ের প্রতিযোগিতা চলছে। তবে এসব দাবিরও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
- এ বিষয়ে বক্তব্য জানতে এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।







