- জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় একদল নারীর মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে তীব্র হাস্যরস ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, মানববন্ধনের ব্যানারে কী লেখা আছে তা তিনি জানেন না। অপর এক নারী জানান, তিনি মূলত শেখ হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচিতে অংশ নিতে এসেছেন।
- সম্প্রতি ওই মানববন্ধনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যানারের মূল বক্তব্যের সাথে অংশগ্রহণকারীদের বক্তব্যের এমন অসঙ্গতির কারণে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।
- আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে 'কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী নারীরা।
- কর্মসূচির ব্যানারে লেখা ছিলো, নারীলিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী, লম্পট মুফতি আমির হামজার বিচার চাই, বিচার চাই। ব্যানারে আমির হামজার বিচারের দাবি জানানো হলেও কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে প্রশ্ন করা হয়, তারা কী দাবিতে সেখানে এসেছেন। জবাবে ওই নারীকে 'শেখ হাসিনার বিচারের দাবিতে' এসেছেন বলতে শোনা যায়। পরে তাকে ব্যানারে কী লেখা আছে, তা জানতে চাওয়া হলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, 'আমরা তো লেখাপড়া জানি না।'
- ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের বক্তব্য এবং আয়োজকদের প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।
- এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেওয়া সচেতন নাগরিক সমাজের সদস্য ও নারী নেত্রী নিলুফা ইয়াসমিন মুঠোফোনে বলেন, 'ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকা একজন নারী হাসিনার বিচারের দাবি করেছেন, সেটি আমিও শুনেছি। সবাই তো আর এক রকম নন। কেউ হয়তো ভুল করে বলেছেন। তিনি আরও বলেন, 'যিনি তাকে নিয়ে এসেছেন, তিনি হয়তো সঠিকভাবে গাইড করে আনতে পারেননি।







