মায়ের স্বপ্ন পূরণে প্রস্তুতির সময় ‘পড়তাম আর কান্না করতাম’— নিরা এখন আইনের ছাত্রী

Post Image


ছোটবেলা থেকেই মেয়েকে আইন বিভাগে পড়ানোর স্বপ্ন দেখতেন মা। একসময় মায়ের সেই স্বপ্নই নিজের স্বপ্নে পরিণত হয় নুসরাত জাহান নিরার। শুরু থেকেই মায়ের স্বপ্ন পূরণ করতে আইন বিভাগকে লক্ষ্য করেই শুরু করেন প্রস্তুতি। নিরার প্রস্তুতির পথটা সহজ ছিল না। হতাশা ও মানসিক চাপের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন, ভরসা রেখেছেন পরিবার ও সৃষ্টিকর্তার ওপর। নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং নিজের প্রস্তুতির কৌশলে শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২তম স্থান অর্জন করেন এবং আইন বিভাগে ভর্তি হয়ে পূরণ করেন মায়ের স্বপ্ন। জবির পাশাপাশি ঢাবি, জাবি এবং রাবিতেও ভর্তি হওয়ার সুযোগ পায় নুসরাত।

প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল?

শুরু থেকেই আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে আইন বিভাগে পড়াবেন। একটা সময় মায়ের স্বপ্নটাও আমার স্বপ্নে পরিণত হয়ে যায়। এইচএসসি পরীক্ষার পর থেকেই তাই যেসব বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ ছিল, শুধুমাত্র সেগুলোর জন্যই প্রস্তুতি নিয়েছিলাম এবং কেবল সেগুলোতেই ভর্তি পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে জবিতে ২২তম স্থান অধিকার করার মাধ্যমে আইন বিভাগে পড়ার সুযোগ হয়েছে।

প্রস্তুতির সময় হতাশা বা মানসিক চাপ কীভাবে সামলেছেন?

প্রস্তুতির পুরোটা সময়েই স্বাভাবিকভাবেই হতাশা বা মানসিক চাপ থাকাটা স্বাভাবিক। তবে আমার ক্ষেত্রে পরিবারের সহযোগিতা ছিল অপরিসীম। আমি অনেক কান্না করতাম, কান্না করতাম আর পড়তাম। আল্লাহর ওপর ভরসা রেখে গেছি। হতাশা কাটানোর আরেকটি মাধ্যম হিসেবে কোচিংয়ের নিয়মিত পরীক্ষাগুলোতে ভালো করার চেষ্টা করতাম।

আপনার প্রস্তুতিতে পরিবার কতটা সহযোগিতা করেছে?

ভর্তি প্রস্তুতির পুরো সময়টাতেই পরিবার আমাকে সহযোগিতা করেছে, অনুপ্রেরণা দিয়েছে। পরিবারের সহযোগিতা ছাড়া মোটেও এই পথটা সহজ ছিল না। বিশেষ করে মা বারবার বলেছেন, ‘তুমি চেষ্টা করে যাও, বাকিটা আল্লাহর ওপর।’ পরিবারের এমন ছোট ছোট কথার মধ্যেই যে ভরসার জায়গাটা তৈরি হয়, সেটাই মূলত এই সময়টাতে পরশপাথরের মতো কাজ করে।

সত্যি বলতে, আজ আমি যে পর্যায়ে আছি, এর পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবারের, বিশেষ করে আমার বাবা-মায়ের। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার প্রস্তুতিতে আমার চেয়েও আমার মায়ের আত্মবিশ্বাস বেশি ছিল। এগুলো আমাকে ভালো কিছু করার অনুপ্রেরণা দিত।

শেষ সময়ে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত?

শেষ সময়ে নতুন করে পড়ার মতো কিছু নেই। এ সময় কারেন্ট অ্যাফেয়ার্স বেশি বেশি পড়তে হবে এবং আগে পড়া বিষয়গুলো রিভিশন দিতে হবে।

শেষ সময়ের প্রস্তুতির ৬০ শতাংশ সময় দিতে হবে বিগত বছরের প্রশ্ন সমাধান ও মডেল টেস্টের প্রশ্নের সমাধানে। বাকি সময়টা আগে যা পড়া হয়েছে, সেগুলো কয়েকবার রিভিশন দিতে হবে এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হবে।

প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী দুশ্চিন্তায় পড়েন, এ পরিস্থিতি সামলানোর উপায় কী?

আমি বলবো আত্মবিশ্বাসী থাকতে হবে। মনে করতে হবে, এখানে যারা পরীক্ষা দিচ্ছে, কেউই তোমার চেয়ে বেশি মেধাবী নয়। যে আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পারবে, সেই এগিয়ে যাবে। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে লেখা শুরু করবে। পুরো পরীক্ষার সময় কারও দিকে তাকানোর কোনো দরকার নেই। বিভ্রান্ত হওয়া যাবে না, আত্মবিশ্বাসী থাকতে হবে। এই বিষয়টাই পরীক্ষার্থীদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। ভর্তি পরীক্ষায় আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না।

পরীক্ষায় ভালো করতে কত সময় পড়তে হয়?

আমি কখনোই ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়িনি। বিষয়টি আমার কাছে অতিরঞ্জিত মনে হয়। ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা পড়লেই যথেষ্ট। অবশ্যই সেটা পূর্ণ মনোযোগের সঙ্গে হতে হবে। প্রস্তুতির সময় শারীরিক সুস্থতাও একটি বিষয়। একদিন ১৬-১৮ ঘণ্টা পড়ে পরের তিন দিন অসুস্থ থাকলে লাভের চেয়ে ক্ষতিই বেশি। ৬-৮ ঘণ্টা ঘুম বাধ্যতামূলক। পড়াশোনার সময় ধীরে ধীরে বাড়াতে হবে। পরীক্ষার আগে আগে এই সময়টা এমনিতেই ১২-১৬ ঘণ্টা হয়ে যায়। তবে শেষ সময়েও এমন চাপ নেওয়া যাবে না, যাতে পরীক্ষাটাই ভালো না হয়।

ভর্তিচ্ছুদের কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত?

সাম্প্রতিক বিষয়গুলো এবং বিগত বছরের প্রশ্ন সমাধানে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রুটিন করে সময় ভাগ করে আগে যা পড়া হয়েছে, সেগুলো রিভিশন দিতে হবে। বিগত বছরের প্রশ্ন সমাধান করলেই প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটাও সহজেই বুঝতে পারা যায়। এটা প্রস্তুতির ক্ষেত্রে খুবই কাজে দেয়।

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কি আগে থেকেই ছিল?

উচ্চশিক্ষার স্বপ্ন কার না থাকে? বাংলাদেশের প্রেক্ষাপটে সহজলভ্য ও উন্নত উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিকল্প নেই। তাই বলব, বিশ্ববিদ্যালয় বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুরু থেকেই ছিল।

পরীক্ষার হলে কী ধরনের কৌশল অবলম্বন করেছিলেন?

প্রথম ৩০ মিনিটে যেসব প্রশ্ন পরিচিত ছিল, সেগুলোর উত্তর করেছি। পরবর্তী ১৫ মিনিটে যেসব প্রশ্নের উত্তর সম্পর্কে ৭৫ শতাংশ পর্যন্ত ধারণা ছিল, সেগুলোর উত্তর করেছি। শেষের সময়গুলোতে গণিতধর্মী প্রশ্নগুলোর উত্তর করতাম। নেগেটিভ মার্কিং এড়াতে যেসব এমসিকিউ প্রশ্নের উত্তর সম্পর্কে কোনো ধারণা ছিল না বা কখনো পড়িনি, সেগুলোর উত্তর করতাম না। কোনো পরীক্ষায় লিখিত অংশ থাকলে কম করে লিখেও সব প্রশ্নের উত্তর করার চেষ্টা করতাম। কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রাখতাম না।

কোচিং কতটা প্রয়োজন বলে মনে করেন?

আমার কাছে কোচিংয়ের বিষয়টি ফিফটি ফিফটি মনে হয়। যারা পড়তে অভ্যস্ত, তাদের কোচিং করতে হবে বলে আমি মনে করি না। নিজেদের মতো করে কৌশল তৈরি করে প্রস্তুতি নিলে আরও ভালো করা যায় বলে আমার মত। তবে যারা খুব একটা পড়ুয়া নয়, তাদের জন্য অবশ্যই কোচিং ফলপ্রসূ। মডেল টেস্ট বা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির জন্যও কোচিং কিংবা অনলাইন পরীক্ষা ও মডেল টেস্ট কাজে লাগবে। সে ক্ষেত্রে আমি বলব, বিভিন্ন কোচিংয়ের মডেল টেস্টে অংশ নেওয়া যেতে পারে। তবে সেগুলোতে খারাপ করলেই যে চূড়ান্ত পরীক্ষায় খারাপ করবে, এমন নয়। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?

সৃষ্টিকর্তা ও নিজের ওপর ভরসা রাখো। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার

মায়ের স্বপ্ন পূরণে প্রস্তুতির সময় ‘পড়তাম আর কান্না করতাম’— নিরা এখন আইনের ছাত্রী

গোপালগঞ্জে বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, জুলাই হত্যা মামলায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিটিতেও ৫ বিবাহিত নেতা, আছে সন্তানও

কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে যাচ্ছে ১১ দল

দানের টাকায় ইতিহাস, পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

ফটিকছড়িতে মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

সর্বাধিক পঠিত

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

নামাজে গিয়ে অগ্নিকাণ্ডে থেকে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

হত্যা মামলার আসামিকে এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সব সেবা সবার জন্য নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে