আসছে বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সে মোতাবেক প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করেছে। নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো।
তবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের পর নতুন চিন্তা করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। অনিয়মের মাধ্যমে উপনির্বাচনে জামায়াতের প্রার্থীকে হারিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ জামায়াত-এনসিপির। আর এই অনিয়মের তীর নির্বাচন কমিশনের দিকে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কমিশনের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে তারা।সংবাদ দেখুন
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা অনেক ধৈর্য ধরেছি। আট মাস ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে তিন-চারটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন নিয়েও অভিযোগ রয়েছে। সর্বশেষ উপনির্বাচনে যা ঘটেছে, তাতে আমাদের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট। নির্বাচন কমিশন যদি নিজের অবস্থান সুসংহত করতে না পারে এবং নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা প্রমাণ করতে না পারে, তাহলে এই কমিশনের বিরুদ্ধেও আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এত দিন আমরা সেই অবস্থানে যাইনি। কিন্তু এখন আমরা সেই অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছি।’
এদিকে, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন যদি তাদের সাংবিধানিক অবস্থান ও নিরপেক্ষতা বজায় রাখতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।’
১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক বলছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কমিশন নিরপেক্ষ হতে না পারলে পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করবে ১১ দলীয় ঐক্য।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি, শপথ ও অঙ্গীকারের ভিত্তিতে তারা এই চেয়ারে বসেছেন। সেসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষা করতে না পারলে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবশ্যই তাদের পদত্যাগ দাবি করতে হবে।’
অন্যদিকে আখতার হোসেনের আশঙ্কা, স্থানীয় সরকার নির্বাচনেও এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হবে।সংবাদ দেখুন
তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ বা সময়সীমা ঘোষণা করতেও তারা ভয় পাচ্ছে। এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।’
স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলের যথেষ্ট প্রস্তুতি আছে উল্লেখ করে জোটের এই দুই কেন্দ্রীয় নেতা জানান, নির্বাচন কমিশন যদি তাদের পক্ষপাতমূলক আচরণ থেকে সরে না আসে, তবে তারা এই নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করবেন







