জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ জন্য তার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। মামলায় মির্জা আজমসহ সাতজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন কারাগারে এবং মির্জা আজম পলাতক আছেন।
এর আগে গত ৫ নভেম্বর এ মামলায় অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।







