এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন।
তাদের একজন হিন্দু ও আরেকজন মুসলিম।
রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আফির মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ নিয়ে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূর সন্তান জন্ম নেয়।
সন্তান জন্মের সময় পাশে ছিলেন সুভাস নামের একজন, যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন।
তবে রোববার সকালে হঠাৎ হাসপাতালে শান্তা ও নবজাতকের শয্যার পাশে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি।
তিনিও নিজেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্মদাতা পিতা দাবি করেন।
এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন শান্তা। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন তারা। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসে স্ত্রী। এসময় উপস্থিত সবাইকে নিজের বিয়ে ও দাম্পত্য জীবনের প্রমাণ দেখান তিনি।
এদিকে, প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে কেটে পড়েন দ্বিতীয় স্বামী সুভাস। যে কারণে তার বক্তব্য জানা যায়নি।
শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তার বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন ও প্রমাণ সম্পর্কে উত্তর দেননি তিনি।
জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পরও নিজ বাড়িতে যাওয়া-আসা ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দার সুভাসের সঙ্গে প্রেমে জড়ান শান্তা। এমনকি বিয়েও হয় তাদের। তবে দ্বিতীয় স্বামী জানতেন, চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয় শান্তাকে। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসার করে আসছিলেন তিনি







