ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনের অভিযোগে প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে করে গাঁজার চালান ময়মনসিংহের দিকে নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে আশ্রবপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।\
তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া কমলপুর (বালুর মাঠ) এলাকার জারু মিয়া ওরফে জহির মিয়ার ছেলে আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের বাদল মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারসহ আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।







