রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ অগ্নিকাণ্ডের খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় হঠাৎ দুই-তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হন। ফলে কেউ হতাহত হননি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।







