রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি জানতেন না বলে দাবি করছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের নায়েমের গলিসংলগ্ন প্রাচীরে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিগুলো সাদা রং দিয়ে মুছে ফেলা হচ্ছে। এছাড়া, মিরপুর রোডসংলগ্ন কলেজের সামনের দেয়ালের অংশেও মুছে দেওয়া হয়েছে গ্রাফিতি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৎকালীন গ্রাফিতি অঙ্কনের নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার মধ্য দিয়ে কলেজ প্রশাসন একটা অগণতান্ত্রিক এবং জুলাই স্মৃতিবিরোধী দৃষ্টান্ত স্থাপন করলো। কিন্তু কোনোভাবেই জুলাইয়ের স্মৃতি, সংগ্রাম এবং আকাঙ্ক্ষাকে মুছে ফেলা যাবে না। যারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে পারে, তারা কীভাবে জুলাইয়ের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে? এই প্রশ্ন আমরা করতে চাই
তিনি বলেন, রাষ্ট্রপতি আসবে ক্যাম্পাসের জন্য এটা খুব ভালো ব্যাপার। কিন্তু তার জন্য পরিচ্ছন্নতার অজুহাতে দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলা যায় না। গ্রাফিতি কি অপরিষ্কার? এটা তো ফ্যাসিস্ট ব্যাপার। যখন যা মন চায় তারা তাই করে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের এক শিক্ষার্থী মো. জুলফিকার ফেসবুক পোস্টে লেখেন, ঢাকা কলেজের প্রতিটি দেয়ালে জুলাইয়ের সব গ্রাফিতি এইভাবে মুছে দেওয়া কতটা সমীচীন। পুনরায় আবার গ্রাফিতি আঁকা হবে কি না কলেজ প্রশাসনের কাছে জানতে চাই। এভাবে জুলাইকে মুছে দিতে পারি না। সব ছাত্র প্রতিনিধিদের বিষয়টি নিয়ে কথা বলা উচিত। এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, আমি ক্যাম্পাসে থাকাকালীন সময় পর্যন্ত এ বিষয়টি অবগত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। কলেজে থাকাকালীন জানলে গ্রাফিতি মুছে ফেলতে নিষেধ করে আসতাম।
পুনরায় গ্রাফিতি অঙ্কন করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মুছে ফেললে সেটা লিখে দিতে হবে, আর যদি মোছা না হয়ে থাকে, বাকিটুকু না মুছে কীভাবে ওই সংস্কার করা যায় তা ভাবতে হবে। কারণ আমাদের সংস্কার দরকার, এটা হলো মূল কথা। কিন্তু গ্রাফিতিকে বাদ দিয়ে না।
এছাড়া দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা কলেজ শাখা। একইসঙ্গে মুছে ফেলা গ্রাফিতি দ্রুত পুনরুদ্ধারসহ ৪ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।







