মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এবং সাবেক উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে দুজনকে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন ওসি বিপ্লব ও এসআই ইসমাইলের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।
জুলাই অভ্যুত্থানের পর মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি ও এসআইসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, বিপ্লব শালিখা থানার সাবেক ওসি এবং ইসমাইল সাবেক এসআই। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি।







