হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী

Post Image


সরকারি হাসপাতালের দালাল চক্র বিগত ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি সফরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমতি দেয়া হবে না। নির্ধারিত শর্ত পূরণ না করা ক্লিনিকগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চিকিৎসাসেবার অবকাঠামো গড়ে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী, ১৫১ শয্যার এসব হাসপাতালে ১০টি মেশিনসহ ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। সেখানে স্থানীয়ভাবে ২০ জন রোগী সেবা নিতে পারবেন। এ ছাড়া মাতৃত্বকালীন সেবার জন্য ২০টি এবং নবজাতকদের জন্য ২০টি শয্যা রাখা হবে। নারী ও পুরুষের জন্য পৃথক দুটি ফিজিওথেরাপি সেন্টার এবং উন্নত মানের প্যাথলজি সেবার ব্যবস্থাও থাকবে।

ইউনিয়ন পর্যায়ে ডরমিটরিসহ তিনতলা ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে চিকিৎসকদের অবস্থানের ব্যবস্থা থাকবে। এ প্রকল্পের দরপত্রও একই সময়ে আহ্বানের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ইউনিয়নের অধীন প্রতিটি পুরোনো ওয়ার্ডে একটি করে মেডিকেল ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রে মিডওয়াইফরা দায়িত্ব পালন করবেন। এ জন্য ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এসব কেন্দ্রে নারীদের স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং, রক্ত পরীক্ষা, জ্বর এবং উচ্চ ও নিম্ন রক্তচাপ পরীক্ষা করা হবে। রোগীদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে কার্ড দেয়া হবে। রোগের ধরন ও জটিলতা অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, জেলা এবং সর্বশেষ টারশিয়ারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ থাকবে।’

তিনি জানান, এরই মধ্যে এক হাজার ১০০টির বেশি ডায়ালাইসিস মেশিনের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেয়া হবে। সে হিসাবে যেসব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল মিলিয়ে মোট ৬০টি মেশিন থাকবে। আর যেসব জেলায় মেডিকেল কলেজ নেই, সেখানে জেলা হাসপাতালে ১০টি মেশিন রাখার পরিকল্পনা রয়েছে।’

স্বাস্থ্য খাতের জনবল সংকট কমাতে নতুন নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ১ তারিখে সাড়ে চারশ চিকিৎসক যোগ দেবেন। আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সাক্ষাৎকার কার্যক্রম চলমান রয়েছে।’

এ ছাড়া ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৪১ হাজার ৩৯১ জনকে নিয়োগ দেয়ার কথা জানান তিনি। এসব স্বাস্থ্যকর্মী গ্রামাঞ্চলে, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবা দিতে কাজ করবেন।

উপজেলা পর্যায়ের হাসপাতাল ব্যবস্থার ইতিহাস তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রতিটি উপজেলায় ১৯ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সেগুলো ৫০ শয্যায় উন্নীত করা হয়।’

এরপর আর কোনো সরকার এ খাতে উল্লেখযোগ্য নজর দেয়নি বলে দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবার উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।’

সরকারের দায়িত্ব গ্রহণের পর সাত মাস পার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মধ্যে চার মাস এমনিতেই চলে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য খাতের সব সেবা উন্নত করা সম্ভব নয়।’

বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাতে লুটপাটের কারণে এ খাতের অবস্থা নিম্নমুখী হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক মানুষ

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় বিএনপির এমপির উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

ছাত্রদল নেতা হত্যা: বিএনপি এমপির ছেলে ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা হত্যা: বিএনপি এমপির ছেলে ৩ দিনের রিমান্ড

সাঈদী রাজাকার ছিলেন না: মানিক পশারী‌র ভাই চান মিয়া

মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বিএনপি সরকার : সমাজকল্যাণমন্ত্রী

সর্বাধিক পঠিত

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু