নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের জানাজার আগে বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের বক্তব্যকে কেন্দ্র করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন মুসল্লিরা। এ সময় জানাজার মাঠে উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে আব্দুল আজিজ বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’ বলার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে তিনি বক্তব্য বন্ধ করেন।
পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। এরপর শাকিলের পরিবারকে নিজের পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন এমপি আব্দুল আজিজ। এতে ফের উত্তেজনা সৃষ্টি হলে হুইপ দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
জানাজা শেষে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে চাঁচকৈড় বাজারের সুপারিহাট রোডে আমেরিকাপ্রবাসী রাসেলের রাশ আরবানী মেগা শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর আগে শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টুকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।







