চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকার ইস্পাহানি চেকপোস্টে ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তারের সাহসিকতাপূর্ণ চেষ্টা চালাতে গিয়ে বাসচাপায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৪) মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (০৫ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি পুলিশ লাইন্স এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল আল আমিন গত ৪ অক্টোবর রবিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে নগরীর ব্যস্ততম ইস্পাহানি মোড় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে গেলে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত ছিনতাইকারীকে পাকড়াও করার চেষ্টা চালান। ঠিক তখনই দ্রুতগতির একটি বেপরোয়া বাস তাঁকে সজোড়ে ধাক্কা দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
সহকর্মীরা দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশপ্রেমিক এই পুলিশ সদস্য।
নিহত আল আমিন সরদার ২০২২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ফুটফুটে সন্তানের জনক ছিলেন। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের মাতম।
কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আল আমিনের এই আত্মত্যাগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিএমপি পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘাতক বাস ও এর চালককে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।







