কুমিল্লার নাঙ্গলকোটে গণতান্ত্রিক মুক্তিজোটের সভাপতি অ্যাডভোকেট কাজী নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের চারজন সদস্য আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন কাজী নূরে আলম সিদ্দিকীর ভাই কাজী মামুন, কাজী আবু জাফর, কাজী আবু নোমান ও খোন্দকার বিল্লাল হোসেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, অসুস্থ মাকে দেখতে বাড়িতে এসেছিলেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী। জুমার নামাজ শেষে অল্প সময় অবস্থান করে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। শুক্রবার সন্ধ্যায় কাকৈরতলা বাজারে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাইদের সঙ্গে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত স্থানীয় বিএনপি নেতা আমান উল্লাহ, ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ও সাইফুল ইসলামের কথাকাটাকাটি হয়। এর জের ধরেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারভেজ মজুমদারের নেতৃত্বে অর্ধশত লোক একটি মিছিল নিয়ে গিয়ে নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিবারের লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তিজোটের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট কাজী নূরে আলম ছিদ্দিকী। তিনি বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। একজন দ্বৈত নাগরিক হওয়ায় তাঁর মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে রিট আবেদন করেন তিনি। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে। আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁর সমর্থকরা ক্ষুব্ধ ছিল। এর জের ধরে এই হামলা চালিয়েছে।
হামলার ঘটনায় অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাই আবু নোমান বাদী হয়ে গতকাল ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ও বিএনপি নেতা আমান উল্যাহসহ ১২ জনের নামে মামলা করেছেন। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।
আহত কাজী আবু নোমান জানান, হামলাকারীরা একটি মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেছে। এ সময় নগদ দুই লাখ ৪০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা পারভেজ মজুমদার। তিনি বলেন, ‘কারা হামলা করেছে জানি না। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে হামলার কথা শুনেছি।’







