শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর ও তার স্ত্রীকে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মজিবর রহমান মাদবর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জাজিরা উপজেলা কমিটির সদস্য ছিলেন। ২০১২ সালে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় হন।
অভিযানকারীদের সূত্রে জানা গেছে, অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী রুমা আক্তারকেও আটক করা হয়। অভিযানে মজিবর রহমানের ঘর থেকে পিস্তলের কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি-ছুরিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ এশিয়া পোস্টকে বলেন, মজিবর রহমানের বসতঘর তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ এশিয়া পোস্টকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







