বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব পৌরসভা শাখার যৌথ উদ্যোগে জুলাই আন্দোলনের ইতিহাস, গণ-আকাঙ্ক্ষা, আত্মত্যাগ ও জাতীয় চেতনা তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) মতলব পৌরসভার ম্যাক্সি স্ট্যান্ডে এবং দ্বিতীয় পর্ব বাদ এশা পানির টাংকি মোড়ে অনুষ্ঠিত হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে ছাত্র, যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ পথচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রদর্শনী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব পৌরসভা শাখার সভাপতি মো. রবিউল আজম বলেন, “জুলাই আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আমরা চাই দেশের মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুক। ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে অতিরিক্ত ক্ষমতার কেন্দ্রীকরণ না ঘটে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার নিশ্চিত থাকে। একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে সচেতন জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, জনগণের মাঝে ইতিহাসভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক নাগরিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সাবেক সেক্রেটারি ও সাংবাদিক ইদ্রিস খান-এর সার্বিক সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনের আয়োজনগুলোতেও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।







