আজ রাজশাহীতে যাচ্ছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। অনুষ্ঠিতব্য তাফসিরুল মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ মাহফিল শুরু হবে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ওলামা-মাশায়েখ পরিষদের মাওলানা রুহুল আমিন।
আয়োজকদের ধারণা, রাজশাহীতে অনুষ্ঠিতব্য এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। তাদের আশা, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হবে।
এদিকে গত ২৭ নভেম্বর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারি নিজেই। তিনি টাইমলাইনে লিখেছেন ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদরাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
মাওলানা রুহুল আমিন বলেন, মাহফিল আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল হতে যাচ্ছে। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে মাহফিল সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।







