সরকারকে বিএনপি নেতাকর্মীদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিন, তাহলে হয়তো দেশটা ভালো থাকবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০)।
তিনি বলেছেন, ‘বিএনপির যে নেতাকর্মীরা আছেন, তারা এতটাই অশিক্ষিত যে কোনটা মতপ্রকাশ, সেটাও বুঝতে পারছেন না; কোনটা অপরাধ, সেটাও বুঝতে পারছেন না।’
সম্প্রতি দেশের অনলাইন গণমাধ্যম টাইমস টুডে’র ফেসবুকে পেজে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।
নারী উদ্যোক্তা সাথী আক্তার বলেন, “বিএনপির নেতাকর্মীরা এসে আমার শোরুমে এভাবে হামলা ও মারধর করেছেন। আমি একজন নারী, একজন নারী উদ্যোক্তা। আজ ১৪ বছর ধরে অনেক সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। তারা কিছু টাকার জন্যই মূলত এই ঘটনা ঘটিয়েছে।”
তিনি বলেন, “আদালত আমার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ না পেয়ে আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু আদালত থেকে অব্যাহতি পাওয়ার আগেই তারা আমাকে হুমকি দেওয়া শুরু করেছে। আমি ময়মনসিংহ থেকে সিএনজিচালিত গাড়িতে উঠেছি, এরপর আমার বাড়িতেও হুমকি দেওয়া হয়েছে। আমি যেন কোনো গণমাধ্যমের সামনে কথা না বলি, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেও যেন কথা না বলি।”
তিনি আরও বলেন, “এরপর সেদিন আমি এখানে এসে একটু মতপ্রকাশ করেছিলাম। তারপর থেকে আমার শোরুমে তারা চতুর্থ তলায় তালা দিয়ে ঢিল মেরেছে। দেখেন, তালা দিয়ে ঢিল মেরেছে। এটা আমার একটি দেয়াল। মাত্র এই দেয়ালটি আর এই স্কুলটি—চতুর্থ তলায় শিশুদের স্কুল। তারা আমার গ্লাসে ঢিল মেরেছে। যদিও সেখানে আমার গ্লাসে না লেগে মাঝখানে একটি দেয়ালে লেগেছে। তাহলে ওই সময় স্কুলের ছোট ছোট শিশুরা যদি ক্লাসে থাকত, তাহলে কী হতো? কোনো একটি বাচ্চার হয়তো কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারত, একটি চোখ নষ্ট হতে পারত, এমনকি মারাও যেতে পারত।”
বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “এরপর সবশেষে আমার জুতাগুলো নিয়ে গেছে। আসলে বিএনপি নেতারা শুধু অপরাধই করেন না, তাদের সঙ্গে কিছু নারীও অপরাধে জড়িত আছেন। তারা যেখানে যে কৌশল ব্যবহারের প্রয়োজন, সেখানে সেই কৌশল ব্যবহার করছেন। এত কিছুর পরও আজ পর্যন্ত আমি বিচার পাচ্ছি না। বর্তমান সরকারকে বলছি, আপনি বিষয়টি দেখবেন। আমি দ্রুত বিচার চাই। আমার ওপর যে অত্যাচার করা হয়েছে এবং আমাকে বিনা কারণে জেল খাটতে হয়েছে, তার বিচার চাই।”
তিনি বলেন, “আমার বাচ্চার সামনে আমাকে অপমান করা হয়েছে। আমি একজন মা। ২৫০ জন লোক লাঠিসোঁটা নিয়ে এসেছে। একজন সাথীর জন্য কিন্তু ২৫০টি লাঠির প্রয়োজন ছিল না। এখন আমার বাচ্চা ঠিকমতো পড়াশোনা করছে না, খাওয়া দাওয়া করছে না। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর আমি মানসিক, শারীরিক ও আর্থিক—সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি।”
নারী উদ্যোক্তা বলেন, “বিএনপির যে নেতাকর্মীরা আছেন, তারা এতটাই অশিক্ষিত যে কোনটা মতপ্রকাশ, সেটাও বুঝতে পারছেন না; কোনটা অপরাধ, সেটাও বুঝতে পারছেন না। বর্তমান সরকারকে বলব, আপনাদের এসব বিএনপি নেতাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। তাহলে হয়তো আমাদের দেশটা একটু ভালো থাকবে, আমরাও একটু ভালো থাকব। না হলে আপনারা এসব নেতাকর্মীর মাধ্যমে আমাদের দেশটাকে গোল্লায় উঠাচ্ছেন। তারা এতটাই অশিক্ষিত। তাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো খুব জরুরি।”
সাথী আক্তার বলেন, “আমি বিচার চাই, সবার কাছে বিচার চাই। আমার শোরুম ভাঙচুর করেছে, আমার সবকিছু লুটপাট করে নিয়েছে। সেখানে ইব্রাহিম নেতা ছিলেন। সোহাগ হাজী—সোহাগ হাজী তার ২০০ ছেলেপেলে পাঠিয়ে দিয়েছেন। আমি তাদের বিচার চাই। আমাকে এখনো পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আমার ব্যবসা পরিচালনা করতে পারছি না।”
প্রসঙ্গত, সম্প্রতি তিনি ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে গ্রেপ্তার হয়েছিলেন।







