- মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে নারীদের কাছে সিম বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
- এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
- স্থানীয়রা জানান, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান মাইকে ঘোষণা দেন যে ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে এনআইডি ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে আসতে হবে। সরকারি সহায়তার আশায় ভোর থেকেই শতাধিক অসহায় ও দরিদ্র নারী দোকানে ভিড় জমান।
- সেখানে যাওয়ার পর তাদের হাতে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোন সিম ধরিয়ে দেওয়া হয়। এমনকি সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও ভয় দেখানো হয়।
- ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, ফ্যামিলি কার্ডের আশায় এসে কার্ড না পাওয়ার ভয়ে তাঁরা ২০০ টাকা দিয়ে সিম কিনতে বাধ্য হয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সিম বিক্রেতাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন।
- তবে পুলিশ আসার আগেই মূল অভিযুক্ত রুবেল মিয়া সটকে পড়েন।
- রুবেল মিয়া মাইকিং করানোর কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে, ইমাম আব্দুল মান্নান জানান, মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।
- এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সিম বিক্রেতা আমিনুর রহমানকে থানায় আনা হয়েছিল। বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে এবং কোনো লিখিত অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।







