শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মাতলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন। এসময় শিক্ষার্থীরাও মন্ত্রীর সঙ্গে আনন্দঘন পরিবেশ উপভোগ করে। মন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী। তিনি বিদ্যালয়টিতে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এসময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ ও শেখার পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল অ্যাগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এছাড়া বিদ্যালয়ের বাগান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







