লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ জানিয়ে তাদের ধাওয়া করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা।
আজ শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর উপপিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বামনদল সীমান্তের বাংলাদেশ অংশে কৃষকেরা কাজ করছিলেন। এ সময় স্থানীয় একটি নদী পেরিয়ে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় কৃষকেরা লাঠি নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনার পর বামনদল সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আয়োজনের আহ্বান করে বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে।







