সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিসের ফেসবুক পেজ থেকে করা এসিল্যান্ডের একটি পোস্টকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন" লিখে একটি পোস্ট করেন। এর কয়েক মিনিট পর "আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার" লিখে আরেকটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে তার বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, এসিল্যান্ড আরিফুর রহমন প্রায় দুই মাস আগে জামালগঞ্জে যোগদান করেন। তিনি তার স্ত্রীসহ উপজেলা সদরে বসবাস করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদকে নাম্বারে একাধিক বার কল করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তিনি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসিল্যান্ডকে মানসিক অসুস্থ বলে জানান।
তিনি আরও বলেন গতকাল শুক্রবার রাতে আমার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। এসিল্যান্ডের স্ত্রীসহ আমার বাসায় কেক কাটার আয়োজনে এসেছিলেন। এখান থেকে বের হয়ে গিয়েই তিনি এ পোস্ট দেন। পরে পুলিশসহ অনেকেই তার বাসায় যান। গিয়ে দেখেন তিনি অস্বাভাবিক আচরণ করছেন। পরে তার স্ত্রী সিদ্ধান্ত নেন সিলেটে চিকিৎসার জন্য নিয়ে যেতে। এখন পরিরারের তত্বাবধানে তিনি ঢাকায় আছেন।
ইউএনও অভিযোগ করে বলেন, রাতে তিনি একজন আনসার সদস্যকে মারধর করেছেন। তার তিন বছরের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেন। রাস্তায় যাকে পেয়েছেন তার সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন। শিল্পী রাণী মোদক বলেন, ফেসবুক পোস্টে সে কেন আমার নাম লিখেছে সেটি আমারও প্রশ্ন। কেন আমার নাম ব্যবহার করেছেন বুঝতে পারছি না।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খান বলেন, আমরা পারিবার থেকে যে বিষয়টি জেনেছি, তিনি আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। উনার স্ত্রী আমাদের যেটি জানিয়েছেন কয়েকদিন আগে জামালগঞ্জে একটি বাচ্চা মারা যায়। সেটি এসিল্যান্ড মূলত টেককেয়ার করেছিলেন। এর পর থেকেই তিনি একটু বেশি অসুস্থ হয়ে যান।







