কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের নিলক্ষী বিষ্ণুপুর পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়।
নিলক্ষী বিষ্ণুপুর পূজামণ্ডপের সভাপতি নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সব ধর্মের মানুষের সৃষ্টিকর্তা একজন। কোনো ধর্মই মানুষকে অসৎ পথে পরিচালিত করে না; বরং সব ধর্ম মানুষকে সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হতে শিক্ষা দেয়।
তিনি বলেন, ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সে সময় হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন বলে তিনি উল্লেখ করেন। ওই সময়ে চৌদ্দগ্রামের একটি মন্দিরের জন্য সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ আনার কথাও জানান তিনি।
শাহ মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, ‘আগামী দিনেও জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে। আজ ডা. তাহের ভাই আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন।’
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চায়। দলটি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহসিন কবির, নিলক্ষী বিষ্ণুপুর পূজামণ্ডপের সেক্রেটারি কনক কিশোর দাশ, ক্লাসিক মোটরস কুমিল্লার স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন, জামায়াত নেতা শফিকুর রহমান শফিউল্লাহ, জামাল উদ্দিন, আবুল কাশেম সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।







