ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নির্বাচনী ব্যস্ততা। ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে বিএনপি ও ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।
এর একদিন পর সোমবার (২১ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়ন সংগ্রহের পর বিএনপির প্রতিনিধি নূর-এ-শাহাদাত স্বজন বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোটারদের কাছে গিয়ে দলের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে চান তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
জামায়াত প্রার্থীর প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করাই তাদের লক্ষ্য। ভোটাররা যেন কোনো বাধা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে।







