বিগত সরকার র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং গুম, হত্যা ও ক্রসফায়ারের মতো অপকর্মে এই বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ মাদরাসার দাড়িওয়ালা ছাত্রদের ধরে নিয়ে দিনে-দুপুরে ক্রসফায়ারে হত্যা করে তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে র্যাবের পুনর্গঠন ও নাম পরিবর্তনের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেখ মুজিবুর রহমান বলেন, নিরাপত্তা ও মহান উদ্দেশ্য নিয়ে র্যাব গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠার পর দেশের শীর্ষ সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। র্যাবের নাম শুনলে সন্ত্রাসীরা রাস্তায় নামত না।
তবে পরবর্তীতে বিগত সরকার এই প্রতিষ্ঠানের অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, ‘গুম, হত্যা, পয়সার বিনিময়ে মানুষ খুনসহ যত রকম অপকর্ম আছে—সব এই বাহিনী দ্বারা করানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা দাড়িওয়ালা মাদরাসার ছাত্রদের ধরে নিয়ে দিনে-দুপুরে ক্রসফায়ারে মেরে তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে।’ বিএনপির নেতাকর্মীদের গুম করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বাহিনীটির নাম পরিবর্তনের যে প্রস্তাব দিয়েছেন, তা সমর্থন করেন শেখ মুজিবুর রহমান। তবে শুধু নাম পরিবর্তন করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, নতুন যে বাহিনী গঠন করা হবে, সেটির কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে।
সংসদ সদস্য বলেন, ‘নতুন বাহিনীটি যেন পূর্বের মতো আবার এসব কাজ না করে, সেদিকে সজাগ দৃষ্টি রেখে একটি সুন্দর আইন তৈরি করতে হবে।
রাজনৈতিক স্বার্থে কিংবা দলীয়করণে র্যাব বা নতুন বাহিনীকে ব্যবহার না করার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।







