রাজশাহীর পুঠিয়ায় স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) বিকেলে বেলপুকুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
ঘটনায় উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) ও তার স্বামী মো. রুবেলকে (৩৫) আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান তার স্বামী। সেখানে স্বামীর সহযোগিতায় নারীর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়।
বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও, সুযোগ বুঝে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান ওই নারী। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
