বিএনপি নেতার নেতৃত্বে প্রতিপক্ষের অর্ধশত বাড়িতে লুটপাট

Post Image

শরীয়তপুরের জাজিরার দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজন নিহত ও একজনের হাত বিচ্ছিন্ন হওয়া ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


অভিযোগ উঠেছে, সংঘর্ষের জেরে দুই দফায় প্রতিপক্ষের অর্ধশত বাড়িঘরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসব বাড়ি থেকে গবাদিপশু, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। কয়েকটি পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে চাঁদা দাবির অভিযোগও উঠেছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


সংঘর্ষে একজনের হাতের কবজি উড়ে যাওয়াসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী মান্নান সরদার। পরে তিনি মারা যান। মান্নান রেজাউল শিকদারের গ্রুপের সমর্থক বলে জানা গেছে।


এ ঘটনায় মান্নান সরদারের ছেলে দিদার সরদার বাদী হয়ে বুধবার জাজিরা থানায় হত্যা মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। শরীয়তপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রতিপক্ষের অর্ধশত বাড়িতে লুটপাট


তবে মামলা হওয়ার পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। বুধবার দিনগত রাতে রেজাউল শিকদারের নেতৃত্বে প্রতিপক্ষের অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীদের অভিযোগ, ফারুক চৌকিদার, ইউনূস আলী চৌকিদার, ইদ্রিস চৌকিদার, লিটন চৌকিদার, মনরজান বিবি, আজহার চৌকিদার, ওয়াসিম চৌকিদার, উকিল চৌকিদার, জসিম চৌকিদার, বাচ্চু চৌকিদার, শাহজাহান চৌকিদার, রাজ্জাক মাদবর, নূরুল আমিন মাদবর, মোশাররফ চৌকিদারসহ আরও অনেকের বাড়িতে হামলা চালানো হয়।


হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। কোনো কোনো বাড়ির ভবনের ছাদও ফুটো করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার পর বাড়িঘরে লুটপাট চালানো হয় বলে দাবি ভুক্তভোগীদের। চর গজনাইপুর এলাকার বাসিন্দা উকিল চৌকিদার দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সংঘর্ষে অংশ না নিলেও তার বাড়িতেও হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।


তার স্ত্রী রুবিনা আক্তার বলেন, ‘প্রতিপক্ষের রেজাউল শিকদার আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রাতে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। শরীয়তপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রতিপক্ষের অর্ধশত বাড়িতে লুটপাট


জসিম চৌকিদারের স্ত্রী শিমুলি বেগম বলেন, ‘আমার স্বামী লাউখোলা বাজারে ব্যবসা করেন। তিনি মারামারিতে যাননি। তারপরও তাকে মামলায় আসামি করা হয়েছে। গতকাল রেজাউল শিকদারের নেতৃত্বে আমাদের বাড়িতে ভাঙচুর করে দুটি গরু, স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে গেছে। ভয়ভীতি দেখাতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আমরা কোনো রকমে জীবন নিয়ে চরে গিয়ে আশ্রয় নিয়েছি।


আরেক ভুক্তভোগী সুমি আক্তার বলেন, ‘আমার স্বামী প্রবাসে থাকেন। আমরা মারামারির বিষয়ে কিছুই জানি না। এরপরও আমার ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ঘরের সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এখন আমরা ঘরে থাকব, রান্না করে খাব—সেই অবস্থাও নেই। তিনি আরও বলেন, ‘আমরা চাই, ঘটনার তদন্ত করে যারা সেদিন মারামারিতে ছিল তাদের বিচার হোক। পাশাপাশি আমাদের বাড়িঘরে যারা হামলা ও লুটপাট চালিয়েছে, তাদেরও বিচার করতে হবে। আমরা ক্ষতিপূরণ চাই।’


ভুক্তভোগীদের দাবি, সংঘর্ষে জড়িত না থাকা অনেক নিরপরাধ মানুষের বাড়িঘরেও হামলা ও লুটপাট চালানো হয়েছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ইমরান আল নাজির নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘একজন মানুষ মারা গেছেন, সেখানে একটি অপরাধ সংঘটিত হয়েছে। এরপর প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানোও আরেকটি অপরাধ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যারা মামলা-বাণিজ্য ও লুটপাট করছে, তাদেরও আইনের আওতায় আনা জরুরি।’


তবে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল শিকদার। তিনি বলেন, ‘আমার জানামতে এমন কিছুই হয়নি। তারা নিজেদের মালামাল নিজেরাই সরিয়ে এখন আমাদের ওপর দায় চাপাচ্ছে। এদিকে হত্যা মামলায় আটজনকে গ্রেফতারের পাশাপাশি লুটপাট প্রতিরোধেও পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


তিনি আরও বলেন, ‘ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা প্রতিহত করতে পুলিশ কাজ করছে। গতকাল রাতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রামে চুরি করতে গিয়ে ধরা ৩ যুবক, ১০০ রাকাত নামাজে মুক্তি

বিএনপি নেতার নেতৃত্বে প্রতিপক্ষের অর্ধশত বাড়িতে লুটপাট

স্কুল শিশুদের ফিডিংয়ের ‘বানরুটিতে আস্ত ব্লেড’, সমালোচনার ঝড়

তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি ও ছাত্রদল-ছাত্রলীগ নেতা

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ আসামির যাবজ্জীবন

১০০ ঘণ্টার কাজ দেখানো হয়েছে ৭৯৫ ঘণ্টা, ৩০ টাকার চারায় ৫০১ টাকার ভাউচার!

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আত্মগোপনে, কারাগারে নিরপরাধ সোনা মিয়া

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির ফাঁদ, ভুয়া কোর্ট কমিশনার আটক

সর্বাধিক পঠিত

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা

রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ওসমান হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকার রাজপথ

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন