১৩ই মার্চ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মেলা মিলনায়তনে প্রীতি সমাবেশ, ইফতার মাহফিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৬-২৭ সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চৌদ্দগ্রামের প্রায় চার শতাধিক ছাত্র ও ঢাকাস্থ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রীতি সম্মেলন ও ইফতার মাহফিলটি চৌদ্দগ্রামের ছাত্রদের এক মিলনমেলায় পরিণত হয়।
চৌদ্দগ্রাম ছাত্র ফোরাম, ঢাকা (সিএসএফ)-এর সভাপতি নাজমুল হক মাহাদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, চৌদ্দগ্রাম একটি নির্যাতিত জনপদ হলেও এখান থেকে অনেক জ্ঞানী-গুণীজন এসেছেন। তিনি বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতের জন্য নিজেদের ক্যারিয়ার গড়তে গুরুত্বারোপ করেন। পরিশেষে, তিনি চৌদ্দগ্রামের মাননীয় এমপি তাহের ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি ভিপি সাহাবুদ্দিন।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম মজুমদার, সাবেক সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ কাজল, এছাড়াও সংগঠনের সাবেক সভাপতিবৃন্দ ও চৌদ্দগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে নাজমুল হক মাহাদিকে সভাপতি, আবদুল্লাহ আল মায়াজকে সাধারণ সম্পাদক ও আয়মান মাহমুদ ফরায়েজীকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ সেশনের জন্য চৌদ্দগ্রাম ছাত্র ফোরাম, ঢাকা (সিএসএফ)-এর ৫৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবদুর রহিম মজুমদার।







