বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। তারা হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ সিদ্দিকী, শেখ রাবিন ও জুনাইদ আহমদ।
জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার ইতালি, তুরস্ক ও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তারা। এর মধ্যে ইন্দোনেশিয়ার বালিতে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড ইনভেনশন অ্যান্ড সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড (ডব্লিউআইএসপিও) ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। একই সঙ্গে তুরস্কের একটি আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন তারা। এ ছাড়া ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে তিন শিক্ষার্থীর।
এর আগে গত ১৯ নভেম্বর ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল STEM অলিম্পিয়াড–বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তারা। এরও আগে ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবোটিক্স অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বে চতুর্থ স্থান অর্জন করে আলোচনায় আসে তাদের দল।
আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তাহমিদ সিদ্দিকী। তিনি জানান, দেশের পতাকা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধা ও উদ্ভাবনী কাজ তুলে ধরার সুযোগ তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশাও রয়েছে তার।
শেখ রাবিন জানান, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো করার পর আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া তাদের জন্য বড় অর্জন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতার পাশাপাশি নতুন কিছু শেখা এবং বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে চান তারা। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
জুনাইদ আহমদ জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়ে তারা আনন্দিত। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদেশ যাতায়াত, বিমানভাড়া, আবাসন, খাবার, নিবন্ধনসহ বিভিন্ন খরচ বহন করা কঠিন হয়ে পড়ছে। সংশিষ্টদের সহযোগিতা পেলে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেলেও এসব প্রতিযোগিতায় অংশ নিতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হচ্ছে। ফলে মেধাবী এই তিন শিক্ষার্থীর আন্তর্জাতিক যাত্রা নিশ্চিত করতে পরিবারগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাদের আন্তর্জাতিক সাফল্যের পথকে আরও এগিয়ে নিতে সমাজের সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, আর্থিক সীমাবদ্ধতার কারণে মেধাবী কোনো শিক্ষার্থী যেন আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স ও উদ্ভাবনী প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের অংশগ্রহণ মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষাচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত। আন্তর্জাতিক এসব আয়োজনে অংশ নিয়ে তারা যেমন নিজেদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে, তেমনি বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের সম্ভাবনাকেও তুলে ধরছেন।







