আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
ওই দিন শিক্ষার্থীরা ফলাফলের পাশাপাশি পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বললেন, ‘আগামী ২৪ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সেদিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি নতুন বই পাবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।
নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।’
বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার উন্নত মানের কাগজে বই ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেগুলো সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।’
শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ তৈরি করা হবে।’
এর আগে দীর্ঘ সময় বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। মন্ত্রীর অপেক্ষায় তাদের অনেককে বৃষ্টিতে ভিজে কাকভেজা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদ এবং ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার মীর। অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।







