রাজধানী ঢাকার বৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এবং সরকারী কালাচাদপুর স্কুল এন্ড কলেজ এ পরীক্ষা আয়োজন হয়।
এতে স্কুল-মাদরাসার বাংলা ও ইংরেজি মাধ্যমের (৩য়-৯ম শ্রেণি) প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শতাধিক হল পরিদর্শক সহ তিন শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন নির্বাহী পরিচালক জামশেদ হাসান মজুমদার, কেন্দ্র নিয়ন্ত্রক মীর সাব্বির হোসেন ও তাওফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ও জোন পরিচালকরা।
ফাউন্ডেশনের মহাপরিচালক সাইফুল ইসলাম সাইম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মায়াজের উপস্থিতিতে কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক রেজাউল করিম শাকিল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ সময় ফাউন্ডেশনের মহাপরিচালক সাইফুল ইসলাম সাইম বলেন, একাডেমিক পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। আগামীর প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নে সবাইকে পাশে পাব বলে আশা রাখছি।
‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’- এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৪ সালে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এনিয়ে ফাউন্ডেশন তার ৩৬তম বর্ষে পদার্পণ করল।







