মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সাগর রায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তার মা-বাবা নিহত হন।
নিহতরা হলেন স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার। তারা সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা। স্বপন কুমার রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।
নিহত দম্পতির স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শকও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে শোকাহত সাগর রায়। তার এই অপূরণীয় ক্ষতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।







