সরকারের যে কোনো ধরনের সহযোগিতা পেতে কাউকে কোনো টাকা-পয়সা দিতে হয় না। কেউ টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় মুরুব্বিদের জানাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে।
তিনি বলেন, দেশের ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ ভালো থাকতে চায়। মাত্র শূন্য দশমিক ১ শতাংশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই অল্পসংখ্যক অন্যায়কারীর কাছে আমরা হেরে যেতে পারি না। অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্ত্রী আরও বলেন, যারা সামাজিক বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।







