রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সাবেক নেতার গোপন বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ে দুই সাবেক ছাত্রলীগ নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
আটককৃত দুইজন হলেন- রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতাল পরিচালকের সঙ্গে ছাত্রলীগের সাবেক এই দুই নেতার গোপন বৈঠকের অভিযোগ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে দুপুর ১২টার দিকে তাদের পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে মদদ দিচ্ছে। এর প্রতিবাদে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার ব্যাখ্যা দাবি করেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিচালকের কার্যালয়ের আশপাশে ব্যাপক অবস্থান নেন। পরে আটক দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে গাড়িতে তোলার সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাদের মারধর ও ডিম নিক্ষেপ করে।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ছাত্রলীগের ওই দুই নেতা পরিচালকের কাছে এসেছিলেন তাদের ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাদের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ে সামনে অবস্থানে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ওই দুজনকে আটক করে তাদের হেফাজতে নিয়ে গেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বে অভিযোগ ছিল। বর্তমানে তাকে আটক করা হয়েছে। পুলিশের হেফাজতে রাখা হয়েছে।







