নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর ঘটনা ঘটেছে। কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া এবং দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রেফতার নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বাকের হোসেন গণমাধ্যমকে বলেন, “রাতে কে বা কারা মাদ্রাসার ফটকে তালা লাগিয়ে দিয়েছিল। সকালে এসে তালা দেখতে পেয়ে সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। অন্যান্য দিনের মতো শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে।”
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হরতালের তেমন কোনো প্রভাব উপজেলায় পড়েনি। জনজীবন স্বাভাবিক রয়েছে।”
এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। টুঙ্গিপাড়া সরকারি কলেজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা যায়।







