হবিগঞ্জের চুনারুঘাটের মুখ উজ্জ্বল করেছেন তাসনিম আক্তার। দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী তাসনিম উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনার জন্য ৪৭ হাজার মার্কিন ডলার যা প্রায় ৫৮ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন। তাসনিম বর্তমানে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে তার বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় তাসনিম প্রতি বছর ১১ হাজার মার্কিন ডলার করে পাওয়ার কথা রয়েছে। তার উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রস্তুতি নেন। তার সেই প্রচেষ্টার ফল হিসেবে ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তিসহ বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পান।
তাসনিমের এ অর্জনে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই সাফল্য হবিগঞ্জে অন্যান্য শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
চুনারুঘাট উপজেলার আমু রোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ ও ডা. রাহেলা খাতুনের একমাত্র কন্যা তাসনিম আক্তারের উন্নত ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।







