রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. সিয়াম শেখের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে শিক্ষার্থীরা আটক করলে পরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি রংপুর সরকারি কলেজের পাশের রাধাবল্লভ এলাকার একটি মেসে ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন শিক্ষার্থীকে প্রথমে কালেক্টরেট মাঠে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে তাদের কাছে থাকা টাকা কম হওয়ায় দুই শিক্ষার্থীকে আটকে রেখে অপর দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে একটি মেসে যাওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে আরও টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
এ সময় টাকা কম থাকায় শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছ থেকে আরও টাকা এনে দেওয়ার জন্য বলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে আবারও মেসে টাকা নিতে গেলে শিক্ষার্থীরা সিয়াম শেখকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ছাত্রদলের স্থানীয় কয়েকজন নেতাকর্মী ওই মেসে যান। অভিযোগ রয়েছে, সেখানে তারা শিক্ষার্থীদের মারধর করেন এবং সিয়াম শেখকে ঘটনাস্থল থেকে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে মো. সিয়াম শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।







