‘চলো চলো লং মার্চে, জনতার অধিকার আদায়ের এক মঞ্চে’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-খুলনা-কুষ্টিয়া ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নতুন পৌরভবনসংলগ্ন বটতলা সড়কে জড়ো হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লং মার্চ সফল করতে স্থানীয় ও জেলা জামায়াতে ইসলামীর নারী সদস্যরাও উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন এবং রাজপথে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যাকারীদের বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভাঙ্গা-মাওয়া মহাসড়কের নতুন পৌরভবনের সামনে অবস্থান নিয়ে অপেক্ষা করছেন।
ভাঙ্গার পৌর নায়েবে আমির ও জেলা নায়েবে আমির আমার দেশকে জানান, শতাধিক গাড়ির বহর নিয়ে লং মার্চের প্রধান নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তারা একাত্ম হয়ে লং মার্চে যুক্ত হবেন। লং মার্চ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ নেতাকর্মীরা তাদের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।







