সাবেক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী মানিক পশারীর ছোট ভাই চান মিয়া পশারীর গণমাধ্যমকে দেওয়া পুরোনো একটি সাক্ষাৎকার ফের নতুন করে সামনে এসেছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এটি শেয়ার করেছেন।ওই ভিডিওতে চান মিয়া পশারীকে বলতে শোনা যায়, তিনি ও তার ভাই মানিক পশারীকে আর্থিক প্রলোভন দেখানো হয়। তিনি আর্থিক লোভে না পরলেও তার বড় ভাই মানিক পশারী অর্থের প্রলোভনে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন এবং মিথ্যা সাক্ষ্য দেন।এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চান মিয়া পশারীর বাড়িতে গিয়ে তার কাছে জানতে চাওয়া ভিডিওতে থাকা ওই ব্যক্তি তিনি কি-না। উত্তরে চান মিয়া পশারী স্বীকার করেন এটা তার বক্তব্য।বিভিন্ন প্রশ্নের উত্তরে চান মিয়া পশারী তার ভাষায় বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছেলে (ছিল) না। সেসময় অনেক ছোট ছেলে সাঈদী। রাজাকার ছেলে রামেস মোল্লা, মোসলেম মাওলানা, সেকেন্দার শিকদার—এরা।’তিনি আরও বলেন, ‘আমারে কেউ টাকার লোভ দেখায় নাই। ভাই রাজি হইছে কি-না আমি জানি না।’মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি-না, এমন প্রশ্নের জবাবে চান মিয়া পশারী উত্তর দেন, ‘তখন আমার ভাই মেট্রিক পাস। আমরা ওই সময় ছোট। আমরা জঙ্গলে যাইয়া পলাইছি।’তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধায় আমার নাম আমার ভাই দেয় নাই। কেন নাম দেয় নাই সে ভালো বলতে পারে। আমরা পাঁচটা ভাইয়ের মধ্যে ছোট ভাইও গুল্লি দেছে (গুলি করছে)। আমার ভাই যারে যারে ভালো লাগছে, তারে তারে মুক্তিযোদ্ধায় নাম দেছে। আমার নামটা দেয় নাই। কারণ সাঈদীর ভালো বলছি এই কারণে।’চান মিয়া পশারী বলেন, ‘আমার ভাই দুই টাকা দিয়া কোনোসময় সাহায্য করে নাই। সাঈদীর গুণগান কইরা আসছি, এই কারণে মুক্তিযুদ্ধে আমার নাম আমার ভাই দেয় নাই। আমি যদি সাঈদীর কথা ভালো না বলতাম, তাহলে তো আমার নামটা মুক্তিবাহিনীতে থাকত।’তবে একই প্রশ্নের জবাব মানিক পশারীর বোন হাসিনা বেগম বলেন, ‘আমরা সবাই আওয়ামী লীগ, সবাই মুক্তিযোদ্ধা। আমাগো ঘোড়াঘাট সব আওয়ামী লীগ।’মানিক পশারী টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন—এমন অভিযোগ প্রসঙ্গে ঠাট্টা করে তিনি বলেন, ‘হয়, আমার ভাইরে ছালা ছালা টাহা দেছে একছের। টাহার বইন্যা হইয়া গেছে।’মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী ছিলেন কি-না—এমন প্রশ্নের জবাবে হাসিনা বেগম বলেন, ‘আমি কিছু জানি না, আমার ভাই জানে।’অন্যদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আল্লাহর ওলি’ হিসেবে উল্লেখ করেছেন মানিক পশারীর আরেক বোন হেনা পশারী।







