চট্টগ্রামে (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনে অভিযান চালিয়ে তাঁদের এই দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক এবং জামায়াতে ইসলামীর বটতলী শহর শাখার আমির অধ্যাপক জালাল আহমদ। তাঁদের প্রত্যেককে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপুর নেতৃত্বে লোহাগাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। অভিযান চলাকালীন আমিরাবাদ স্টেশনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পে নির্ধারিত সীমার বাইরে অর্থাৎ ৪০০ বর্গফুটের অধিক আয়তনের প্যান্ডেল স্থাপন করা হয়েছে বলে দেখা যায়।
এটি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫ এর স্পষ্ট লঙ্ঘন হওয়ায় বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল বলেন, "নির্বাচনী প্রচারণার জন্য প্যান্ডেলের একটি নির্দিষ্ট মাপ নির্ধারণ করে দেওয়া আছে। বিধি লঙ্ঘন করে অতিরিক্ত বড় প্যান্ডেল করায় দুই নেতাকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাৎক্ষণিকভাবে অতিরিক্ত প্যান্ডেল সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।







