নতুন জায়গা ঘুরে দেখার নেশা অনেকেরই আছে। কেউ পাহাড়ে ছুটে যান, কেউ সমুদ্রের কাছে, আবার কেউ হারিয়ে যেতে চান অচেনা কোনো জনপদে। তবে ভ্রমণকে শুধু স্মৃতির পাতায় আটকে না রেখে যদি দেশের মানচিত্রেই নিজের ঘুরে বেড়ানোর গল্প তুলে ধরা যায়, তাহলে বিষয়টি হয়ে ওঠে আরও ভিন্ন রকম।
এমনই এক ভাবনা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখার অভিজ্ঞতাকে মানচিত্রে ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো: সাব্বির হোসেন রবিন। চবির স্যার এ.এফ. রহমান হলের বাসিন্দা ছিলেন।
তিনি ভ্রমণ বিষয়ে একটি নিজস্ব সাইট নির্মাণ করে সাড়া ফেলেছেন। সাইটটির নাম www.unseenbangladesh.com, যা নির্মাণের ১ সপ্তাহের মাথায় আজ সকাল পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ সাইটটি ব্যবহার করেছেন, পেজ ভিউ হয়েছে প্রায় ৯৫ হাজার। একই সময়ে একসাথে ২ হাজার ৭০০-র বেশি মানুষ সাইটে অনলাইনে ছিলেন। হু হু করে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। সাইটটি ব্যবহার করে স্বল্প সময়ে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য ও উপাত্ত সহজেই জানতে পারছেন শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্মাণের পর থেকেই ওয়েবসাইটটি নিয়ে প্রশংসা পাচ্ছেন রবিন।
চার ভাই-বোনের মধ্যে রবিন সবার বড়। তার ছোট তিন বোন রয়েছে। শিক্ষাজীবনে রবিন অর্থনীতির ছাত্র হলেও পেশাগত জীবনে আইটি সেক্টরে কাজ করছেন। পাশাপাশি তার নিজস্ব একটি ডিজাইন এজেন্সি রয়েছে, যার মাধ্যমে তিনি দেশ-বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন।
নির্মাতা রবিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি। নতুন জায়গা আর নতুন সংস্কৃতির সাথে পরিচিত হতে, মানুষ আর প্রকৃতির স্বাভাবিক ছুটে চলা কাছ থেকে দেখতে ভালো লাগে। নতুন নতুন জেলা ঘুরতে ঘুরতে একদিন ভাবলাম, বাংলাদেশের কতগুলো জেলা ঘোরা হলো সেটা যদি একটা ম্যাপে তুলে ধরা যায়, তাহলে মন্দ হয় না।
তিনি আরও বলেন, প্রথমে চ্যাটজিপিটি দিয়ে নিজের মতো করে ম্যাপ বানাতাম। কিন্তু প্রতিবার নতুন জেলা ঘুরে আসার পর আবার প্রম্পট দিয়ে নতুন করে ম্যাপ বানাতে হতো, যা ছিল সময়সাপেক্ষ আর একঘেয়ে। পাশাপাশি নতুন কোনো জেলায় যাওয়ার আগে দর্শনীয় স্থানগুলোর ইতিহাস, কীভাবে যাব, কোন বাসে বা ট্রেনে যাব, এসব তথ্য কখনো AI থেকে, কখনো গুগল থেকে আলাদা আলাদা করে খুঁজতে হতো। এমন কোনো সাইট বা অ্যাপ পাইনি যেখানে সবকিছু একসাথে পাওয়া যায়। যেহেতু আমি আইটি সেক্টরে কাজ করি, তখন মাথায় এল, এআইয়ের সাহায্যে আমি নিজেই এমন একটা প্ল্যাটফর্ম বানাতে পারি।
নিজের নির্মিত ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, সাইটটি ব্যবহার করা খুবই সহজ। কোনো অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আর এটি সম্পূর্ণ ফ্রি। ফোন বা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে www.unseenbangladesh.com খুললেই চালু হয়ে যাবে। সাইটে তিনটি অংশ আছে। প্রথমত, আমার ম্যাপ অপশনে যেসব জেলায় ঘুরেছেন সেগুলোর নামে বা সরাসরি ম্যাপের ওপর ট্যাপ করে বাছাই করতে হয়। চাইলে নিজের নাম আর ছবি যোগ করা যায়, পছন্দের রঙের থিম বেছে নেওয়া যায়। তারপর PNG, JPG বা PDF হিসেবে ম্যাপটি ডাউনলোড করে ফেসবুকে শেয়ার করতে পারবেন যেকেউ। কত শতাংশ বাংলাদেশ ঘোরা হলো, সেটাও ম্যাপে দেখা যাবে।
দ্বিতীয়ত কোথায় ঘুরবেন, এখানে যেকোনো একটি জেলা বাছাই করলে সেই জেলার দর্শনীয় স্থানগুলোর ছবি, কীভাবে যাবেন (বাস, ট্রেন, বিমান বা লঞ্চে), আনুমানিক খরচ, থাকার জায়গা আর বিখ্যাত খাবারের তথ্য পাবেন। ‘বিস্তারিত দেখুন’ চাপলে স্থানটির ইতিহাসসহ পুরো গাইড দেখা যাবে।
তৃতীয়ত ট্রিপ প্ল্যানার। কোন জেলা থেকে যাত্রা শুরু করবেন, কোন কোন জেলায় যাবেন, কত দিনের ট্রিপ, কতজন যাবেন আর বাজেট কত, এসব দিলেই সাইটটি নিজে থেকে রুট সাজিয়ে দেবে। সাথে দিনভিত্তিক পরিকল্পনা আর মোট আনুমানিক খরচও দেখিয়ে দেবে। আরেকটি বিষয়, আপনার বাছাই করা জেলা বা ছবি কোথাও পাঠানো হয় না, সবকিছু আপনার নিজের ফোনেই থাকে।
সাইটটি নির্মাণের উদ্দেশ্য প্রসঙ্গে সাব্বির হাসান রবিন বলেন, সাইটটি আসলে নিতান্তই শখের বশে তৈরি। প্রথম সংস্করণটি ক্লাউড কোড নামের একটি এআই টুল দিয়ে মাত্র দেড় ঘণ্টায় বানিয়েছিলাম, আর উদ্দেশ্য ছিল নিজের কাছেই রাখা। তবে এর পেছনে মূল ভাবনা ছিল, ভ্রমণপ্রেমী মানুষের জন্য সবকিছু এক জায়গায় নিয়ে আসা। কে কতটুকু বাংলাদেশ ঘুরেছেন সেটা সুন্দর করে তুলে ধরা, নতুন কোথায় যাবেন তা খুঁজে পাওয়া, আর সেই ভ্রমণের পরিকল্পনা করা, সবই যেন এক সাইটেই হয়। আমি চাই মানুষ নিজের দেশের ৬৪টি জেলা ঘুরে দেখতে উৎসাহিত হোক, দেশের অচেনা সুন্দর জায়গাগুলো চিনুক, আর ভ্রমণের আগে তথ্যের জন্য তাদের নানা জায়গায় খোঁজাখুঁজি করতে না হয়।
ওয়েবসাইটকে ঘিরে কেমন সাড়া পড়েছে জানতে চাইলে বলেন, এতটা সাড়া পাব কল্পনাও করিনি। ২৭ সেপ্টেম্বর সাইটটি বানিয়ে ফেসবুকে শুধু নিজের প্রোফাইলে শেয়ার করেছিলাম। তারপর কীভাবে যে এত ছড়িয়ে গেল, নিজেও বুঝে উঠতে পারিনি। মাত্র এক সপ্তাহে ৫২ হাজারের বেশি মানুষ সাইটটি ব্যবহার করেছেন, পেজ ভিউ হয়েছে প্রায় ৮৫ হাজার। এক সময়ে একসাথে ২ হাজার ৭০০-এর বেশি মানুষ সাইটে অনলাইনে ছিলেন। অনেকেই নিজের ভ্রমণ ম্যাপ বানিয়ে ফেসবুকে শেয়ার করছেন, পরিচিতদের ট্যাগ করছেন, কে কতগুলো জেলা ঘুরেছেন তা নিয়ে মজার প্রতিযোগিতাও চলছে। অনেকে নতুন ফিচারের পরামর্শও দিচ্ছেন। সবার এই ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে।
ওয়েবসাইট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রবিন বলেন, যেহেতু সবাই সাইটটি এত পছন্দ করেছেন আর এটি মানুষের কাজে লাগছে, তাই সামনে এটি নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চাই। এরপর একটি বিশ্ব ভ্রমণ ম্যাপ যোগ করার পরিকল্পনা আছে, যেখানে মানুষ কোন কোন দেশ ঘুরেছেন তার ম্যাপও বানাতে পারবেন। পাশাপাশি দেশের আরও দর্শনীয় স্থান যুক্ত করব, আর প্রতিটি স্থানের তথ্য আরও বিস্তারিত করব। ব্যবহারকারীদের পরামর্শ অনুযায়ী আরও নতুন নতুন ফিচার যোগ করার ইচ্ছা আছে। আমার স্বপ্ন, ভ্রমণপ্রেমী মানুষের জন্য এটি বাংলাদেশের সবচেয়ে কাজের একটি ভ্রমণ প্ল্যাটফর্ম হয়ে উঠুক।







