মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে বিল হয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। এ ঘটনায় ৪ জনকে শোকজ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। পরে এই ভৌতিক বিলের ভুল সংশোধন করে গ্রাহক পরিশোধ করেছেন মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসে এ ঘটনা ঘটে। বিলটি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলেয়া খাতুনের বাড়িতে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। এসময়, এ ঘটনায় গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ভুক্তভোগী গ্রাহক জানান, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালির কারণে এমন বিল এসেছে। এটা আমাকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, মিটারের ইউনিটের পরিমাণটি ঠিক ছিল। বিলের কপিটি সংশোধন করে দেওয়া হয়েছে। সংশোধিত বিল এসেছে এক হাজার ৯৬৩ টাকা। গ্রাহক আলেয়া খাতুন ইতোমধ্যে বিলটি পরিশোধও করে দিয়েছেন।
বিলের কপি অনুযায়ী, এক মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। এই বিদ্যুৎ খরচের বিপরীতে মোট বিল দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট। সর্বমোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা বেড়ে দাঁড়াতো ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর।







