সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাগুলো হলো:
১. মোটরসাইকেল চালানোর সময় হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন।
২. মোটরসাইকেলে চালকসহ আরোহীর সংখ্যা কোনোভাবেই দুইয়ের বেশি হবে না।
৩. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকুন।
৪. নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
৫. বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকুন, যাতে চালক আপনাকে দেখতে পান।
৬. লেন পরিবর্তন কিংবা টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করুন।
৭. অন্য পরিবহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৮. কুয়াশা, বৃষ্টি বা বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালান।
৯. ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকের ভুলে মেজাজ হারাবেন না।
১০. মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালাবেন না।
১১. মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকুন এবং নির্ধারিত লেন মেনে গাড়ি চালান।
১২. ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।
নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য এসব নির্দেশনা মেনে চলতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।







