মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে গরুটিও মারা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাদিক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় পৌঁছালে সড়কে হঠাৎ চলে আসা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইসঙ্গে দুর্ঘটনায় গরুটিও মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







