রাঙামাটিতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ফারুক হোসেন (৪৮)সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে স্বর্ণ, নগদ টাকা ও চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। রাতে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে পুলিশ। এ সময় তাদের থেকে স্বর্ণ, নগদ অর্থসহ চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ ফারুক হোসেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জসীম উদ্দীন বলেন, ‘সন্দেহজনকভাবে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’







