শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণ মহড়া, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) বুধবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ছোট পরিসরে একটি অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হবে। একে অগ্নিকাণ্ড ভেবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে বেবিচক।
দুপুরে বেবিচকের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এটি সম্পূর্ণভাবে প্রশিক্ষণমূলক মহড়া। ফলে মহড়ার সময় ধোঁয়া, অগ্নিনির্বাপণ কার্যক্রম বা সংশ্লিষ্ট কোনো দৃশ্য দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
মহড়া শেষে এ বিষয়ে বেবিচকের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হবে।
বেবিচক আরও জানিয়েছে, বিমানবন্দর এলাকার অগ্নিনির্বাপণ প্রস্তুতি ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের অংশ হিসেবেই এ মহড়ার আয়োজন করা হয়েছে।







