নওগাঁর বদলগাছী থেকে একটি ছাগল চুরি করে অটোরিকশা চেপে পালানোর সময় স্থানীয় জনতার তৎপরতায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগল ও অটোরিকশা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের লটু কসাইয়ের ছেলে সাগর ইসলাম (২৪), পারনওগাঁ গ্রামের হারুনুর রশিদের ছেলে শহীদ হোসেন (৩৮) এবং তার স্ত্রী জেসমিন আক্তার (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের প্রায় ১৫ হাজার টাকা মূল্যমানের একটি ছাগল (ছাগি) চুরি করে নিয়ে যায় একটি চক্র। চুরি করা ছাগিটি অটোচার্জার (টমটম) যোগে বিলাসবাড়ি ইউনিয়নের বারাতৈল গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশাটি থামিয়ে ছাগিটির বিষয়ে জানতে চায়। এ সময় আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গ্রামবাসী ছাগিসহ তিনজনকে আটক করে বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বদলগাছী থানায় খবর দেন।
ছাগিটির মালিক আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগম বলেন, ছাগিটি বাড়ির পাশে বাঁধা ছিল। হঠাৎ শাশুড়ির চিৎকার শুনে বাইরে বের হয়ে জানতে পারি, ছাগিটি চুরি হয়ে গেছে।
আনোয়ার হোসেনের মা জানান, একজন খাটো যুবক রাস্তার পাশে একটি বড়ই গাছের নিচে দাঁড়িয়ে ছিল এবং আরেকজন অটোরিকশা রেখে আশপাশে ঘোরাফেরা করছিল। পরে ওই যুবক বাড়ির পাশে বাঁধা ছাগিটির দড়ি খুলে অটোরিকশায় তুলতে গেলে তিনি চিৎকার শুরু করেন। পরে তারা দ্রুত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তার চিৎকার শুনে দুই মোটরসাইকেল আরোহী বিষয়টি জানতে এসে ছাগি চুরির কথা শুনে অটোরিকশার পিছু ধাওয়া করেন। পরে বারাতৈল গ্রাম থেকে ছাগিসহ তিনজনকে আটক করে গ্রামবাসীর হাতে তুলে দেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, একটি ছাগি চুরির ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







