কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম। আজ রোববার সকালে চৌদ্দগ্রাম বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি করছে। তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে তার পদে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে “ক্ষমতালোভী ও পরিবেশ ধ্বংসকারী” উল্লেখ করে তাকে অবিলম্বে বহিষ্কারের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান ব্যাংকের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তাই তার পদত্যাগ দাবি করেন তারা। পাশাপাশি ইসলামী ব্যাংকের কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের “অবৈধ হস্তক্ষেপ” বন্ধের আহ্বানও জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকের গ্রাহক কাজী মো. ইয়াছিন, অধ্যাপক শফিকুর রহমান এবং ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।







