সারাদেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। অধিকাংশ ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না, আর যেগুলোতে মিলছে সেখানেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ভিন্নধর্মী এক চিত্র। সেখানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, “বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামী ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই সময়োপযোগী ও ব্যতিক্রমী।”
আরেক অতিথি জামালি জানান, “এটি যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি বাস্তব প্রতিফলন। জ্বালানি তেলের সংকট এখন মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে।”
অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, “পেট্রোল-অকটেন পেতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল মিলছে না। তাই বর-কনে যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেজন্যই এই উপহার দেওয়া হয়েছে। এটি সংকটেরও প্রতীক।”
বর রাতুল হাসান সাফি বলেন, “বিয়েতে এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। সংকটময় সময়ে এটি কাজে লাগবে। যারা দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
জ্বালানি তেলের এই সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই ব্যতিক্রমী এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে—যা একদিকে যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, অন্যদিকে বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও তুলে ধরেছে।







